খোলামেলা বিজ্ঞাপনে ফের চর্চায় সিডনি সুইনি
হলিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী সিডনি সুইনি। পর্দার কাজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই নিজের সাহসী ও ব্যতিক্রমী উপস্থিতির কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এবার আরও একবার নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এই মার্কিন তারকা। একটি আন্তর্জাতিক স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন প্ল্যাটফর্মের প্রচারণামূলক ভিডিওতে তার অত্যন্ত সাহসী রূপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওচিত্রটিতে প্রায় অনাবৃত রূপেই ফ্রেমবন্দি হয়েছেন সিডনি সুইনি। বিভিন্ন দৃশ্যে বাস্কেটবল ও ফুটবলকে প্রতীকী উপায়ে ব্যবহার করে দৃশ্যধারণ করা হয়েছে, আবার কখনো তাকে দেখা গেছে বাস্কেটবল হুপের ওপর আবেদনময়ী ভঙ্গিমায়। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করার পরপরই তা বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে। স্বল্প সময়ের ব্যবধানেই ভিডিওটির দর্শকসংখ্যা প্রায় দুই কোটিতে পৌঁছায় এবং সাড়ে সাত লাখেরও বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি জমা পড়েছে অসংখ্য মন্তব্য।
বিজ্ঞাপনটি ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও তুমুল বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশ কনসেপ্ট নিয়ে বিভ্রান্তি প্রকাশ করে লিখেছেন, প্রচারণার মূল বার্তাটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। আরেক দল মার্কেটিং টিমের কৌশলগত মনোযোগ আকর্ষণের চেষ্টার সমালোচনা করেছেন। বিপরীতে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করে মন্তব্য করেছেন যে, ক্রীড়াভিত্তিক প্রচারণায় এমন রূপ আগে কখনো দেখা যায়নি।
সমালোচনার মুখে বিজ্ঞাপনটির মূল উদ্দেশ্য স্পষ্ট করেছেন অভিনেত্রী নিজেই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিডনি জানান, প্রচারণার মূল লক্ষ্য ছিল একটি ব্যতিক্রমী ও কৌতুকপূর্ণ ধারণাকে তুলে ধরা। বাড়তি জটিলতা সরিয়ে মানুষের মনোযোগ পুরোপুরি খেলাধুলা ও প্ল্যাটফর্মের প্রতি টানতেই এমন অভিনব দৃশ্যপট সাজানো হয়েছে।
সাহসী রূপ নিয়ে সিডনি সুইনির আলোচনায় আসা এবারই প্রথম নয়। এর আগে একটি জনপ্রিয় জিনস ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিয়েও একই ধরনের আলোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এছাড়া নিজস্ব অন্তর্বাস ব্র্যান্ডের প্রচারেও তাকে একাধিকবার খোলামেলা ভঙ্গিমায় দেখা গেছে। সম্প্রতি ‘দ্য হাউজমেইড’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে ব্যাপক সাফল্য কুড়িয়েছেন তিনি। বর্তমানে ছবিটির দ্বিতীয় পর্ব ‘দ্য হাউজমেইডস সিক্রেট’-এর প্রস্তুতি চলছে এবং তার ঝুলিতে হলিউডের আরও দুটি বড় প্রজেক্ট রয়েছে। সব মিলিয়ে সমালোচনা ও জনপ্রিয়তা—দুটোকেই সমান তালে সামলে বিনোদন জগতে নিজের অবস্থান জোরালো করে চলেছেন এই অভিনেত্রী।