রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ, সবুজ নগরী গড়ার আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগরজুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম চলমান রয়েছে। সিটি করপোরেশনের সহযোগিতায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা করা হলে আগামী দিনে রাজশাহী মহানগরী আরও সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, নগরায়ণের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং নগরবাসীর জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঈদুর রহমান মুঈদ, রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজ নগরী গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা তৈরির প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।