রামেক হাসপাতালে অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ সভা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্রে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় সাধারণ মানুষ প্রতিনিয়ত দালাল চক্রের খপ্পরে পড়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাসপাতালের ভেতরে দালালদের অবৈধ প্রভাব ও প্রশাসনিক নজরদারির অভাবে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বক্তারা অবিলম্বে রামেক হাসপাতাল থেকে দালাল চক্রকে পুরোপুরি নির্মূল করার এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের বিভিন্ন স্তরের যুগ্ম আহ্বায়ক ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী মহানগরীর আটটি থানার যুবদল নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় অংশ নেন।