পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় তাঁদের নিজ বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদকসহ তাঁদের গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-দেওয়ালকুড়ি গ্রামের মৃত এরফান আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০) এবং তাঁর স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল দেওয়ালকুড়ি গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজতে থাকা অবৈধ ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে আটক করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পর গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।