গুমের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মানবাধিকার কমিশনের ক্ষমতা পুনর্বহালের দাবিতে রাজশাহীতে 'অধিকার'র মানববন্ধন
গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় তদন্তের পূর্ণ ক্ষমতা শৃঙ্খলা বাহিনীর পরিবর্তে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন 'অধিকার'। আন্তর্জাতিক গুমের শিকার ব্যক্তিদের স্মরণ দিবস (International Day of the Victims of Enforced Disappearances) উপলক্ষে আজ রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া থানাধীন অলকার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত বিভিন্ন গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্মম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের সময়ে অসংখ্য মানুষকে জোরপূর্বক গুম করা হয়েছিল, যাদের অনেকের সন্ধান আজও মেলেনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পরও পরিস্থিতির স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি। সম্প্রতি প্রণীত 'গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬'-এ এক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠলে অন্য বাহিনীকে দিয়ে তদন্ত করানোর বিধান রাখা হয়েছে, যা কোনোভাবেই নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে পারে না। পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 'গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫'-এ তদন্তের মূল দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত ছিল। বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়েও গুমের ঘটনা মানবাধিকার কর্মী ও ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে চরম শঙ্কা তৈরি করছে।
মানববন্ধন থেকে সরকারের প্রতি সুনির্দিষ্ট দাবি তুলে ধরে বক্তারা বলেন, গুমের মতো মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীর হাত থেকে সরিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে প্রদান করতে হবে এবং তা দ্রুত আইনে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের চরম মানবিক সংকটের কথা বিবেচনা করে তাঁদের স্ত্রী ও সন্তানদের গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের আইনি সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে অতীতে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের ওপর মিথ্যা সাক্ষ্য বা নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করে যে সমস্ত মিথ্যা মামলা ও মৃত্যুদণ্ডসহ সাজা দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার ও বাতিল করার জোর দাবি জানানো হয়।
দৈনিক আমার দেশ-এর রাজশাহী ব্যুরো প্রধান ও 'অধিকার' রাজশাহীর কো-অর্ডিনেটর মোঃ মইনুদ্দিন খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা রাব্বানী, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ও অধিকার কর্মী এস এম শামীম এবং মানবাধিকার কর্মী মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে যাতে কেউ এমন রাষ্ট্রীয় নিপীড়ন ও গুমের শিকার না হন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।