রাজশাহী ডিবির জালে দুই মাদক কারবারি, হেরোইন ও মোটরসাইকেল জব্দ
রাজশাহীর চারঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে চারঘাট থানাধীন শিশাতলা তেল পাম্প সংলগ্ন সুপার ইটভাটার সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোদাগাড়ী থানার সিঅ্যান্ডবি মোড় এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং একই এলাকার আচুয়াভাটা গ্রামের মোঃ তসলিম আলীর ছেলে মোঃ ইমন হোসেন (২১)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল চারঘাট এলাকায় টহলে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিশাতলা তেল পাম্পের পেছনের সড়কে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল দ্রুত সেখানে পৌঁছালে অভিযুক্তরা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের দুজনকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আটক ইমন হোসেনের পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে দুটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা মোটরসাইকেলের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।