সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে আরএমপির ট্রাফিক সচেতনতা কর্মশালা
“ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক নিরাপত্তা ও নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার লক্ষ্যে অটোরিকশা, চার্জার রিকশা এবং মোটরসাইকেল চালক ও মালিকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক কার্যালয়ে এ বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক ও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব নূর আলম সিদ্দিকীসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যত্রতত্র পার্কিং এবং বিপজ্জনকভাবে উল্টোপথে গাড়ি চালানো থেকে বিরত থাকা, নির্ধারিত রুট ও রং মেনে যানবাহন পরিচালনা, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা বন্ধ করা, মোটরসাইকেলে উচ্চশব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও সাইলেন্সার ব্যবহার না করা, চালক ও আরোহী উভয়ের সার্বক্ষণিক হেলমেট ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, মাদকাসক্ত অবস্থায় গাড়ি না চালানো এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের সকল বৈধ কাগজপত্র সঙ্গে রাখার জন্য চালক ও মালিকদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালার অংশ হিসেবে মানবিক উদ্যোগের আওতায় বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় অংশগ্রহণকারী সকল চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জানান, কেবল জরিমানা বা মামলা দিয়ে সড়কে পূর্ণাঙ্গ শৃঙ্খলা আনা সম্ভব নয়; এজন্য প্রয়োজন চালক, মালিক ও পথচারীদের আন্তরিক সচেতনতা। নিরাপদ, যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নগরী গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের জনসচেতনতামূলক ও মানবিক কার্যক্রম আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।