নিউ গভঃ ডিগ্রি কলেজ অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন
উত্তর জনপদের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে কলেজের মূল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার। এছাড়াও বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির এবং ১ম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য বাতিঘর। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বহু গুণীজন আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধন কেবল স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, একটি সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় মেরুদণ্ড হিসেবে কাজ করে। সকল ব্যাচের সাবেক শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই ঐতিহাসিক পুনর্মিলনীকে সফল ও স্মরণীয় করে তোলার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।