পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা-স্কুলছাত্র নিহত
পাবনা সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে কুতুব বিশ্বাস (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান (১২) নামের অপর এক মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কুতুব বিশ্বাস মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে এবং পাবনা সিদ্দিক মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত আব্দুর রহমান একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং সে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার রাতে দুই কিশোর মোটরসাইকেলে করে স্থানীয় সেউলি বাজার থেকে নিজ বাড়ি মহাদেবপুরে ফিরছিল। পথিমধ্যে মহাদেবপুর এলাকায় পৌঁছালে চালক দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাহনটি সরাসরি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কুতুব বিশ্বাসের মৃত্যু হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।