চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ নারীসহ ৩ কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ একই পরিবারের দুই নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার রাতে পৌর এলাকার আজাইপুর পুকুরপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনের তত্ত্বাবধানে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আজাইপুর গ্রামের রাজিয়া বেগমের বসতবাড়িতে তল্লাশি চালায়। অভিযানে বসতঘরের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আজাইপুর পুকুরপাড়া এলাকার মৃত বুলুর স্ত্রী মোছা. রাজিয়া বেগম (৪৭), তাঁর মেয়ে মোছা. রুমি বেগম (২৭) এবং মাঝপাড়া বালিগ্রাম এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে মো. মফিজুল (৫০)।
সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাদক নির্মূলে স্থানীয় জনগণের তথ্যগত সহায়তা চেয়েছে জেলা পুলিশ প্রশাসন।