সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে সার বিক্রি, চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে রাসায়নিক সার বিক্রি এবং অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল নাহিদ এই অভিযান পরিচালনা করেন।
সোমবার দুপুর দেড়টার দিকে হোসেনডাঙ্গা এলাকার খুচরা সারের দোকান ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’-এ আকস্মিক এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুত করা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি এবং ৪৫ বস্তাসহ সর্বমোট ৪১০ বস্তা বিভিন্ন প্রকার রাসায়নিক সার পাওয়া যায়। অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. নুর ইসলামকে (৫০) নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উদ্ধারকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এই সার বিক্রির মাধ্যমে প্রাপ্ত সমুদয় অর্থ যথাযথ প্রক্রিয়ায় দোকান মালিকের কাছে হস্তান্তর নিশ্চিত করতে ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, চলতি কৃষি মৌসুমে কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা, কৃত্রিম সংকট তৈরি রোধ এবং যেকোনো ধরনের কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি বিভাগ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।