শিক্ষা ও শিশু সুরক্ষায় ১৫ বছরের অবদান
রাজশাহীর তানোরে দীর্ঘ ১৫ বছর ধরে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘তানোর এরিয়া প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর এলাকাবাসীর আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিব শংকর বসাকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশনস চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং এবং ফিল্ড অপারেশনসের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডি এম আক্কাস, তানোর পৌর আমির মাওলানা জুয়েল রানা, পাঁচন্দর ইউনিয়ন আমির মাওলানা জুয়েল রানা ও মাহবুব চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
দীর্ঘ দেড় দশক ধরে তানোর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় করে ওয়ার্ল্ড ভিশন। এই দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় ৫ হাজার ৭০৭ জন নিবন্ধিত শিশুসহ সর্বমোট ১ লাখ ৪২ হাজার স্থানীয় মানুষ সরাসরি বিভিন্ন সেবার সুফল পেয়েছেন।
অনুষ্ঠানে সংস্থাটির বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক চিত্র তুলে ধরার পাশাপাশি সুবিধাভোগীরা তাঁদের জীবন পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন, ওয়ার্ল্ড ভিশন কেবল একটি উন্নয়ন সংস্থা হিসেবে নয়, বরং পরিবারের সদস্যের মতো তানোরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে তাঁদের স্বাবলম্বী ও সচেতন হতে পথ দেখিয়েছে। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।