রোদ-বৃষ্টিতে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি সহমর্মিতা
তপ্ত রোদের তীব্র দাবদাহ আর অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে নগরীর রাজপথে যানজট নিরসনে ক্লান্তিহীনভাবে দায়িত্ব পালন করে চলা ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও মানবিক সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। রাজপথের এই অতন্দ্র প্রহরীদের প্রতি সম্মান জানিয়ে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে।
নগরীর ব্যস্ততম প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও ট্রাফিক পয়েন্টগুলোতে সরাসরি উপস্থিত হয়ে কর্তব্যরত ট্রাফিক সদস্যদের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়। প্রখর রোদের তাপে যখন সাধারণ পথচারীরা ছায়াতল খোঁজেন, তখন ট্রাফিক সদস্যরা নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঘণ্টার পর ঘণ্টা পিচঢালা রাজপথে দাঁড়িয়ে থাকেন। তাঁদের সেই শ্রম ও কষ্টকে হৃদয় দিয়ে উপলব্ধি করেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন যুবদল নেতা রবি।
এ সময় যুবদল নেতা রফিকুল ইসলাম রবি বলেন, "নগরীর শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিন-রাত রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। তাঁদের এই ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম গোটা সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁদের এই কষ্টসাধ্য কাজের প্রতি গভীর শ্রদ্ধা ও সামান্য স্বস্তি এনে দিতেই আমাদের এই ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ।"
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং সমাজের যেকোনো মেহনতি ও দায়িত্বশীল কর্মীর পাশে থাকা যুবদলের নৈতিক অঙ্গীকার। ভবিষ্যতেও নগরবাসীর প্রয়োজনে এমন ইতিবাচক ও মানবিক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। যুবদল নেতার এমন প্রশংসনীয় ও মানবিক উদ্যোগে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যরা আন্তরিক সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।