রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত
মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই জলজ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬'। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের তুঁতবাগান সংলগ্ন গবেষণা পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইসতিয়াক হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়ের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে দুপুরে ফিশারিজ বিভাগের মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল। এতে প্রধান আলোচক হিসেবে টেকসই মৎস্যচাষ ও উৎপাদন বৃদ্ধির ওপর বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহা. আখতার হোসেন। রাবি ফিশারিজ সমিতি ও ফিশারিজ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অসামান্য অবদান ও আধুনিক চাষ পদ্ধতির নানা দিক তুলে ধরেন।