বীর ইউনিট পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে:
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) সকল ইউনিটের সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে আয়োজিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে এসে পৌঁছালে তাঁকে ভারপ্রাপ্ত জিওসি (আর্টডক), কমান্ড্যান্ট (বিআইআরসি) এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান।
বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'বীর' ইউনিটগুলো ভবিষ্যতে পদাতিক বাহিনীর মূল মেরুদণ্ড হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ এবং প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি (আর্টডক), কমান্ড্যান্ট (ইবিআরসি), বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সামরিক সচিব, কমান্ড্যান্ট (বিআইআরসি), ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (বগুড়া এরিয়া), কমান্ড্যান্ট (এসআইঅ্যান্ডটি)-সহ সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়কগণ এবং বিভিন্ন ইউনিটের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।