রাজশাহীতে মা ও ভাইকে কুপিয়ে জখম
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী উত্তরপাড়া সংলগ্ন ঠান্ডাপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা ও আপন ছোট ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মা এবং ছোট ভাই মৃদুলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে অভিযুক্ত মুন্না নামের ওই যুবক ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে সে ধারালো অস্ত্র দিয়ে নিজ মা ও ছোট ভাই মৃদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বন্ধ দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পরপরই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। তিনি জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থেকে চিকিৎসার প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
আহতদের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।