চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ 'এসকাফ' (Eskuf) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াাদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।