কোক স্টুডিও বাংলায় আজ আসছে চা-শ্রমিকদের ইতিহাস নিয়ে গান ‘মুল্লুক’
চা-বাগানের শ্রমজীবী মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের পুরোনো লোকগান এবার নতুন সুর ও সংগীতায়োজনে হাজির হচ্ছে শ্রোতাদের সামনে। কোক স্টুডিও বাংলার সিজন-৪-এর চতুর্থ গান হিসেবে আজ মুক্তি পাচ্ছে ‘মুল্লুক’। এই গানে ফুটিয়ে তোলা হয়েছে চা-শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম, শিকড়ে ফেরার তীব্র আকাঙ্ক্ষা, পরিচয়ের সংকট এবং আপন ঠিকানা খোঁজার মর্মস্পর্শী গল্প।
গানটির সংগীতায়োজনে যুক্ত রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় বিকল্পধারার ব্যান্ড ‘মেঘদল’। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই ব্যান্ড সাহিত্য, লোকঐতিহ্য ও রকসংগীতের মেলবন্ধনে ‘মুল্লুক’ গানে ফুটিয়ে তুলেছে ইতিহাসের এক অনন্য অধ্যায়। ‘পিঞ্জরাকে পুষল ময়না’—এই ঐতিহ্যবাহী পঙ্ক্তি ও চেনা সুরের আবহকে ভিত্তি করেই নির্মিত হয়েছে গানটির কাঠামো।
শতবর্ষ আগে বাংলাদেশের চা-শ্রমিকদের জীবনসংগ্রাম এবং ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ থেকে গভীর অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে গানটি। ঔপনিবেশিক আমলের সেই শোষণ, নিজের জন্মভূমিতে ফিরে যাওয়ার আকুতি এবং আপন ঠিকানা খুঁজে পাওয়ার স্বপ্নই এই সৃষ্টির মূল উপজীব্য।
খ্যাত সুরকার ও গীতিকার শিবু কুমার শীলের কথা ও সুরে ‘মুল্লুক’-এ প্রধান কণ্ঠ দিয়েছেন চা-শ্রমিক রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাঁদের খাঁটি মাটির সুরের সঙ্গে মেঘদলের আধুনিক ও সমকালীন সংগীতধারা মিলে তৈরি করেছে এক ব্যতিক্রমী আবহ। বিশেষ করে, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ঢোলের ছন্দ গানটিতে যোগ করেছে আলাদা ও প্রাণবন্ত মাত্রা।
নির্মাতাদের মতে, ‘মুল্লুক’-এর গল্প কেবল একটি নির্দিষ্ট জনপদের ইতিহাসে সীমাবদ্ধ নয়। নিজের মাটি, ঘর ও আপন ঠিকানায় ফিরে যাওয়ার এই আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন অনুভূতি। সেই সার্বজনীন আবেগকে ধারণ করেই গানটি উৎসর্গ করা হয়েছে সেই সব পরিশ্রমী মানুষকে, যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন—নিজের একটি দেশ, ঠিকানা কিংবা সত্যিকার অর্থেই ফিরে যাওয়ার মতো একটি ঘর।
বাংলাদেশের সমৃদ্ধ লোকঐতিহ্য ও গ্রামীণ সংগীতের না বলা গল্পগুলোকে সমকালীন বাদ্যযন্ত্র ও আধুনিক সংগীতের ভাষায় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রয়াসেই যুক্ত হলো কোক স্টুডিও বাংলার এই নিবেদন। লোকসংগীতের শিকড়ের সঙ্গে আধুনিকতার এই মেলবন্ধন একদিকে যেমন চা-শ্রমিকদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও না বলা সংগ্রামকে স্মরণ করায়, অন্যদিকে তেমনি মনে করিয়ে দেয় মানুষের আজন্ম শিকড়ের টান।
আজ থেকেই গানটি শোনা যাবে কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন জনপ্রিয় ডিজিটাল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।