শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › বিনোদন › কর্মজীবী নারীদের নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার তীব্র প্রতিক্রিয়া

কর্মজীবী নারীদের নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার তীব্র প্রতিক্রিয়া

favicon
বিনোদন ডেস্ক :
কর্মজীবী নারীদের নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার তীব্র প্রতিক্রিয়া

স্বামী-স্ত্রী দুজনের চাকরি করার বিষয়টি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর মতে, বাবা-মা দুজনেই কর্মজীবী হলে এর নেতিবাচক প্রভাব সন্তানদের ওপর পড়ে। সম্প্রতি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর দেওয়া এই বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জোরালো অবস্থান ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। দেশের শীর্ষ নেতৃত্বের উদাহরণ টেনে শবনম ফারিয়া লেখেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী নিজেও একজন চিকিৎসক এবং তাঁদের একমাত্র কন্যা একজন ব্যারিস্টার। এমনকি পূর্ববর্তী প্রধানমন্ত্রীর কন্যাও অটিজম নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে অসংখ্য কাজ করেছেন। প্রধানমন্ত্রী যখন তাঁর স্ত্রীর মাথার ওপর ছাতা ধরেন, তখন নারীরা নিজেদের স্বামীদের সেই উদাহরণ দেখিয়ে অনুপ্রাণিত হন।

সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক দায়িত্ব পালনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও লেখেন, একবার সাবেক প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটি ছবি তাঁর ছেলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। তখন সবাই প্রশংসা করে বলেছিলেন যে নারীরা যত বড় বা দায়িত্বশীল পদেই থাকুন না কেন, সন্তানদের পছন্দের কাজ করতে তাঁদের কখনো ক্লান্তি আসে না। এই বিষয়গুলো দেশের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস এবং তাঁরা বিশ্বাস করেন শীর্ষ পর্যায়ের নারীরা পারলে সাধারণ নারীরাও সংসার ও কর্মক্ষেত্র একসঙ্গে সামলাতে পারবেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যকে নারীর ক্ষমতায়নের পরিপন্থী উল্লেখ করে ফারিয়া লেখেন, যে দেশে নারীদের প্রতিনিয়ত অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে বলা হয় এবং সরকার ও এনজিওগুলো নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে কাজ করে, সেখানে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য আসা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। একটি সাম্প্রতিক নিবন্ধের বরাত দিয়ে তিনি জানান, করপোরেট প্রতিষ্ঠানগুলোতে মধ্যম পর্যায়ে এসে বেশিরভাগ নারী কেবল সন্তান লালন-পালনের কারণেই ক্যারিয়ার বিসর্জন দিতে বাধ্য হন।

নারীদের চাকরি ছাড়ার মানসিকতা তৈরি না করে বরং কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে শবনম ফারিয়া বলেন, দায়িত্বশীলদের বক্তব্য এমন হওয়া উচিত ছিল যে সন্তান লালন-পালন বাবা ও মায়ের সমান দায়িত্ব এবং এটি কেবল নারীদের ওপর কোনো বাড়তি চাপ হতে দেওয়া হবে না। প্রতিটি অফিসে মানসম্মত ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা করা এবং প্রতিষ্ঠানগুলোকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়ার দাবি জানান তিনি, যাতে কোনো মাকে সন্তানকে রেখে কাজে আসার অপরাধবোধে ভুগতে না হয়।

বর্তমান বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে অভিনেত্রী আরও সতর্ক করেন যে বর্তমান দ্রব্যমূল্য ও অর্থনৈতিক পরিস্থিতিতে একজনের আয়ে সন্তানদের সুন্দর জীবন দেওয়া, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করানো কিংবা ছুটিতে ঘুরতে যাওয়া অত্যন্ত কঠিন। আর এই জীবনযাত্রার মান বজায় রাখতে গিয়েই মানুষ ঘুষ, দুর্নীতি ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ে, যার ফলে দেশ বছরের পর বছর দুর্নীতিতে শীর্ষস্থানে থেকে যায়।