রাসিক প্রশাসকের সঙ্গে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সম্মানিত প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দের একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নৈতিক শিক্ষা প্রসার এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন জোসেফ পালমা (সিএসসি) এবং ফাদার লিটন কস্তাসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং শিক্ষা বান্ধব বিভিন্ন উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
আলোচনাকালে রাসিক প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক সমাজের আত্মত্যাগী ভূমিকার গভীর প্রশংসা করেন। তিনি বলেন, একটি আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। রাজশাহী মহানগরীর শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।