রাজশাহী সেনানিবাসে বিআইআরসি কমান্ড্যান্টের সঙ্গে রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ
পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত মেলবন্ধন সুদৃঢ়করণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আফতাব হোসেন, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ।
আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই শীর্ষ কর্মকর্তা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
সাক্ষাৎকালে তাঁরা প্রধানত পারস্পরিক সৌহার্দ্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা, এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে যৌথ কর্মপন্থা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দেশের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যকার এই ধরনের পেশাদার সুসম্পর্ক ও পারস্পরিক মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।