জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে চারঘাট থানা পুলিশ
রাজশাহীর চারঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল কোডিনযুক্ত ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ ‘ইস্কাফ’ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন দুই অজ্ঞাতনামা মাদক কারবারি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চক মোক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার ও চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় রাত্রীকালীন বিশেষ ডিউটি করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চারঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চক মোক্তারপুর গ্রামের জামিল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে পুলিশ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ৩০০ বোতল কোডিনযুক্ত ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়। এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্যের তালিকা প্রস্তুত করে এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে চারঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪ (তারিখ: ১৮ আগস্ট ২০২৬)। মামলাটির তদন্তভার এসআই রাজু আহম্মেদের ওপর অর্পণ করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, "মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ইস্কাফের চালানটি কার বা কারা বহন করছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে জোরদার অভিযান অব্যাহত রয়েছে।"