দেশজুড়ে ফলাফলে ধস নামলেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ গোল্ডেন জিপিএ-৫
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী ক্যাডেট কলেজ। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৪৯ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। আজ সোমবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক আনুষ্ঠানিকভাবে অভাবনীয় এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, চলতি বছর রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মোট ৪৯ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। তাদের মেধা, কঠোর পরিশ্রম ও শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি প্রত্যেকেই সর্বোচ্চ মানসূচক ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করতে সক্ষম হয়েছে।
ফলাফলের বিষদ বিশ্লেষণে দেখা যায়, মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের মেধা ও সুনামের ধারা অত্যন্ত দীর্ঘদিনের। শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই সীমাবদ্ধ রাখা হয় না, বরং তাদের শারীরিক ও মানসিক সুষম বিকাশকে সমান গুরুত্ব দেওয়া হয়। এরই অংশ হিসেবে মৌলিক সামরিক ক্যাডেট প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বৈচিত্র্যময় সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান শিক্ষার্থীরা, যা তাদের অ্যাকাডেমিক ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলে।
সফলতার পেছনের ভিত্তি তুলে ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের গুণগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি প্রমিত নৈতিক চরিত্রে বলীয়ান হয়ে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর মূল লক্ষ্য। আগামীতেও সাফল্যের এই ধারাবাহিক উৎকর্ষ ধরে রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, চলতি বছর সার্বিকভাবে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার হার বিগত বছরের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। দেশজুড়ে এমন নিমুখী সূচকের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজের সকল পরীক্ষার্থীর শতভাগ সাফল্য ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনের এই উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষাঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।