পুলিশের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
অত্যন্ত ভাবগাম্ভীর্য, মর্যাদা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে রাজশাহীজুড়ে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), জেলা পুলিশ, রাজশাহী সিটি কর্পোরেশন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দিবসটির এই ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন। রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ রাজশাহী রেঞ্জ ও আরএমপির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। জুলাই-আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণ করে পুলিশের এই শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ পুরো অনুষ্ঠানটিকে অনন্য মাত্রা দেয়।
পরবর্তীতে রাজশাহী জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের পবিত্র স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পুরো এলাকায় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।