চারঘাটে ২০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি কালাম গ্রেপ্তার
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ ইউসুফপুর মন্ডলপাড়া এলাকার মৃত খবির উদ্দিন এর ছেলে কালাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহবুবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মেহেদীসহ ডিবির একটি চৌকস টিম অংশ নেয়। অভিযানের সময় ইউসুফপুর বিজিবি ক্যাম্পের পাশেই নিজ বাড়ির সামনে খুচরা পর্যায়ে মাদক বিক্রির সময় কালামকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপ জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে সংরক্ষণ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কালামের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও তথ্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জেলার কোথাও মাদক কারবারি, মাদক সরবরাহকারী বা বিক্রেতাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।