রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর (পিবিজিএন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি রাজশাহী নগরীর সামগ্রিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় নগরবাসীর জন্য আরও কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পারস্পরিক মতবিনিময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি জনসেবার পরিধি ও কার্যকারিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।