স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতের নির্দেশ আরএমপি কমিশনারের
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, সমস্যা ও কল্যাণ-সংশ্লিষ্ট বিষয় মনোযোগ সহকারে শোনেন পুলিশ কমিশনার। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সদস্যদের মনোবল বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করারও নির্দেশনা দেন। পাশাপাশি একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।
সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।