রাজশাহীতে টিসিবির সুবিধা পাচ্ছে ১ লাখ ৭৪ হাজার পরিবার
রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জুলাই মাসের ভর্তুকি মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি জুলাই মাসে রাজশাহী মহানগরী ও জেলার ৯টি উপজেলার মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন স্মার্ট কার্ডধারী পরিবার টিসিবির এই বিশেষ সুবিধা পাচ্ছে। নগরীর ৩৬টি এবং জেলার ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, সরকারি ভর্তুকির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, সে জন্য মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও মনিটরিং করা হচ্ছে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
টিসিবির জুলাই মাসের প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫৮ টাকা। এই প্যাকেজে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং দুটি সাবান।
এর মধ্যে দুই লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের মূল্য ১২০ টাকা এবং এক কেজি চিনির মূল্য ৭০ টাকা। এছাড়া ক্রেতারা ইচ্ছা অনুযায়ী ৪৫ টাকা মূল্যের একটি গায়ে মাখার সাবান এবং ২৩ টাকা মূল্যের একটি কাপড় কাঁচার সাবান নিতে পারবেন। তবে কেউ চাইলে সাবান না নিয়েও অন্যান্য পণ্য কিনতে পারবেন।
এদিকে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কেজি চাল সরবরাহের পরিকল্পনা থাকলেও জুলাই মাসে চালের কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ফলে এ মাসে চাল বিক্রি করা হচ্ছে না। তবে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের এই ভর্তুকি কর্মসূচি নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে কিছুটা স্বস্তি এনে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।