বাঘায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের অংশ, ভেতরের কিছু আসবাবপত্র এবং ব্যানার-পোস্টার পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত মোটরসাইকেলে করে আড়ানী পৌর বিএনপি কার্যালয়ের সামনে আসে। পরে তারা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে যায়।
আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দা এবং বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের কিছু অংশ, আসবাবপত্র এবং দলীয় ব্যানার-পোস্টার পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই বাঘা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
এদিকে শনিবার (১৮ জুলাই) সকালে আগুনে ক্ষতিগ্রস্ত আড়ানী পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
পরিদর্শন শেষে তিনি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
আড়ানী পৌর বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।