রাজশাহীতে হাত-পা বাঁধা অবস্থায় পদ্মা নদী থেকে অজ্ঞাত নারী উদ্ধার, রামেকে ভর্তি
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খড়বোনা এলাকায় পদ্মা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খড়বোনা এলাকায় পদ্মা নদীতে এক নারীকে ওড়নার কাপড় দিয়ে হাত ও পা বাঁধা অবস্থায় ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে (১৫:৫০) তাকে হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের নাম ফাতেমা বলে জানান। তবে তিনি তার পূর্ণ পরিচয় বা ঠিকানা জানাতে পারেননি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ওই নারীর পরিচয় শনাক্তে বোয়ালিয়া থানা পুলিশ কাজ করছে। এ ঘটনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।