আম চুরির বিরোধে রাজ্জাক হত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম চুরিকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর আদাবর ও শ্যামলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব-৫, সদর কোম্পানি (রাজশাহী) এবং র্যাব-২ সিপিএসসি, মোহাম্মদপুরের যৌথ দল তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ১ নম্বর আসামি মকবুল হোসেন এবং ২ নম্বর আসামি শাহিনুর রহমান ওরফে বুলবুল। তাদের দুজনেরই বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে।
র্যাব জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় বাদী রাজুর পরিবারের আম চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা বাঁশের লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার নৃশংসতা ও প্রকাশ্য হামলার কারণে হত্যাকাণ্ডটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।