রাজশাহী রেঞ্জে নতুন ডিআইজির যোগদান
বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণকেন্দ্রিক পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শনিবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে নবাগত ডিআইজি মো. আশিক সাঈদকে বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুযায়ী আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে রেঞ্জ কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। মতবিনিময় সভায় নবাগত ডিআইজি রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাদার পুলিশিং, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
এর আগে সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে নবাগত ডিআইজি মো. আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহীর পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজশাহী রেঞ্জে নতুন নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, নবাগত ডিআইজির নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে, অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী পুলিশিং আরও বেগবান হবে।