মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাজশাহীতে সিপিবির বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত বৈষম্যমূলক চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। "দুনিয়ার মজদুর এক হও" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সিপিবির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. জুলফিকার আহমেদ গোলাপ। বক্তব্য দেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রতন ভট্টাচার্য, সিপিবি রাজশাহী মহানগরের সভাপতি মো. আইয়ুব হোসেন কাইয়ুম, সাধারণ সম্পাদক অসীম সরকার লিটন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ মো. কাওসার আহমেদ, সিপিবি রাজশাহী জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাবেক সভাপতি হুমায়ুন রেজা জেনু, জেলা কমিটির সদস্য আবু তালেব এবং জেলা কমিটির সদস্য ও উদীচী রাজশাহী মহানগরের পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোছা. সেলিনা বানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের বক্তব্যে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে তৎকালীন মার্কিন সরকার পাকিস্তানের পক্ষ নিয়ে সপ্তম নৌবহর পাঠানোর পরিকল্পনা করেছিল। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করেন তারা।
সমাবেশে নেতারা আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি "বৈষম্যমূলক ও স্বাধীনতাবিরোধী" চুক্তি স্বাক্ষর করেছে, যা বাস্তবায়িত হলে দেশের সার্বভৌমত্ব, শিল্প, কৃষি, সংস্কৃতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের চুক্তি বাস্তবায়নের যেকোনো উদ্যোগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত সাম্রাজ্যবাদী, দেশবিরোধী ও বৈষম্যমূলক কোনো চুক্তি যেন বাস্তবায়ন করা না হয়। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।