গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণঅভ্যুত্থানে সব অংশীজনের অবদানের স্বীকৃতি প্রদান এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতার দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) দিবাগত রাতের প্রথম প্রহরে জাতীয় শহিদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া আগামী ১৫ জুলাই (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ছাত্রনেতা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
পরদিন ১৬ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রাম ও রংপুর বিভাগে পৃথক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে সংশ্লিষ্ট বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা এবং পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
ছাত্রদল জানিয়েছে, মাসব্যাপী ঘোষিত কর্মসূচির মাধ্যমে গণ-অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হবে।