বরেন্দ্র অঞ্চলে গাণিতিক মডেলিংয়ের খসড়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে সভা
বরেন্দ্র অঞ্চলের ভূপৃষ্ঠের পানি ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ব্যবহারের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে গাণিতিক মডেলিংভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সদর দপ্তরের সম্মেলন কক্ষে “বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের জন্য গাণিতিক মডেলিংয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের পানি এবং ভূগর্ভস্থ পানি সম্পদের সংযুক্ত ব্যবহারের অন্বেষণ” শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই পানি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূপৃষ্ঠের পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বৈজ্ঞানিক গবেষণা, গাণিতিক মডেলিং এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রণীত পরিকল্পনা ভবিষ্যতে পানিসম্পদ ব্যবস্থাপনায় কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, আইডব্লিউএমের উপ-নির্বাহী পরিচালক (অপারেশন) মো. সোহেল মাসুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, মো. আব্দুল লতিফ, এটিএম মাহফুজুর রহমান, মো. জিন্নুরাইন খান, মো. শিবির আহমেদ, মো. সমসের আলী, মো. হাবিবুর রহমান খান ও ড. মো. এজাদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, মো. সৈয়দ জিল্লুর বারী এবং এ এস এম দেলোয়ার হোসেনসহ রাজশাহী ও বিভাগের বিভিন্ন সার্কেল এবং রিজিয়নের কর্মকর্তারা।
সভায় প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বরেন্দ্র অঞ্চলের বর্তমান পানি সম্পদের অবস্থা, ভূপৃষ্ঠের পানি ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ব্যবহারের সম্ভাবনা, ভবিষ্যৎ পানির চাহিদা এবং টেকসই পানি ব্যবস্থাপনার বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কর্মকর্তারা প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।