হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় কয়েকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) দুপুরে এ ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মীর সজিব, আশিকুর রহমান ও আজমাইন পদ্মা নদীর তালাইমারী এলাকায় গোসল করতে যান। পরে নদীর তীরে এক কিশোরকে মাছ ধরার জাল টানতে দেখে তাকে সহায়তা করতে এগিয়ে গেলে কয়েকজন ব্যক্তি তাদের কাপড় রাখা ব্যাগ তল্লাশি শুরু করেন। বিষয়টি জানতে চাইলে কোনো ধরনের বাগ্বিতণ্ডা ছাড়াই মীর সজিবকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সজিবকে রক্ষা করতে গেলে আশিকুর রহমান ও আজমাইনকেও মারধর করা হয়। একপর্যায়ে আরও ৮ থেকে ১০ জন ঘটনাস্থলে এসে হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিন শিক্ষার্থী আহত হন। সজিব ও আশিকুর ঘটনাস্থল থেকে বের হতে পারলেও আজমাইন কিছু সময় সেখানে আটকে ছিলেন বলে দাবি করা হয়েছে।
পরে আহত শিক্ষার্থীরা বিষয়টি রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারকে জানান। তার উদ্যোগে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন এবং চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করে বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে ‘লাম’ ও ‘জিম’ নামে দুই ব্যক্তিসহ অজ্ঞাত আরও ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এক অভিযুক্তের বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
আহতদের মধ্যে আশিকুর রহমান এক কানে শ্রবণ সমস্যার কথা জানিয়েছেন। মীর সজিবের চোখের নিচে আঘাত লেগেছে এবং আজমাইনের হাতে ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।