দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি)-এর গুরুত্ব তুলে ধরে রাজশাহীতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণদের কর্মমুখী শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা আয়োজিত ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি)-এর সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন।
সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত বক্তারা বলেন, উন্নত বিশ্বে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন এবং বেকারত্ব নিরসনে দক্ষ জনশক্তি তৈরির জন্য কারিগরি শিক্ষার প্রসার সময়ের দাবি। বর্তমান সরকারও কারিগরি শিক্ষা সম্প্রসারণে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ) উবায়দুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেমিনারে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশীজনদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কারিগরি শিক্ষা নিয়ে প্রচলিত নানা ধারণা, ভর্তি প্রক্রিয়া, কর্মসংস্থানের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দক্ষতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। তাই তরুণ প্রজন্মকে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগ্রহী হয়ে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা।