মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মাদকের ভয়াবহ ছোবলে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছে এবং অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে।
শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে সীমান্তপথে মাদক দেশে প্রবেশ করছে। এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাই শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই হবে না, বরং এই চক্রের মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা যাতে দ্রুত জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত, দ্রুত ও কঠোর অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একসময় এসিড-সন্ত্রাস দেশের জন্য একটি বড় সামাজিক সমস্যা ছিল। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় যেমন এসিড-সন্ত্রাস অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে, তেমনি সবাই একযোগে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়াও সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।