আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নিয়ামতপুর থানার ওসির জিরো টলারেন্স ঘোষণা
আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। "মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুস্থ-সুন্দর সমাজ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ইমরান উপজেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
ওসি মো. মাহবুবুর রহমান ইমরান জানান, নিয়ামতপুর উপজেলায় মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারি কিংবা মাদকসেবীর সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স।
তিনি উপজেলার সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, সাংবাদিক এবং যুবসমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "মাদকমুক্ত নিয়ামতপুর গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানাতে হবে। জনগণের সহযোগিতাই মাদক নির্মূলে সবচেয়ে বড় শক্তি।"
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে, যাতে নতুন প্রজন্ম মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে সুস্থ ও সুন্দর জীবন গড়তে উদ্বুদ্ধ হয়।
উল্লেখ্য, প্রতি বছর ২৬ জুন জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, র্যালি, সচেতনতামূলক কর্মসূচি ও প্রচারণার আয়োজন করা হয়।