রাজশাহীর দুর্গাপুরে পানি সেচ সময়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে পানি সেচ দেওয়ার জন্য জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর দুর্গাপুরে পানি সেচ সময়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যুবিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় একটি পুকুরে পানি সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম চুক্তিভিত্তিকভাবে স্থানীয় শরীফ ডাক্তার নামের এক ব্যক্তির পুকুরের দেখাশোনার দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আঙরার বিল এলাকার একটি বিদ্যুৎ লাইনের সংযোগ ব্যবহার করে বিভিন্ন পুকুরে জলমোটরের মাধ্যমে পানি সেচ দেওয়া হয়। রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে জলমোটর চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান জাহাঙ্গীর। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, জাহাঙ্গীরের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তাঁর হাতের আঙুল সকেটের ভেতরে চলে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।