রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ
রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় জেডি (JD) মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মদের চালান বহনকারী সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে খবর পায় যে, চারঘাট উপজেলার মুক্তারপুর সীমান্ত এলাকা দিয়ে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি আমবাগানে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তারা দেখতে পান, একজন ব্যক্তি মাথায় একটি বস্তা বহন করে আমবাগানের দিকে এগিয়ে আসছে।
সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাকে আটক করার উদ্দেশ্যে ধাওয়া করলে ওই ব্যক্তি মাথার বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত বস্তার ভেতর থেকে ৬২ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার ও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।