রামেবিতে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু
কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিসিইসি (DCEC) ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. মো. শাহ আলম।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মো. জাকির হোসেন খোন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা, পরিচালক (অর্থ ও হিসাব) নাজিম উদ্দীন আহম্মদ, উপ-কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মনির-উল-ইসলাম, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. খাইরুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের সফলতা অনেকাংশেই কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার ওপর নির্ভর করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তা-কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহ আলম বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধিবিধান, প্রশাসনিক নীতিমালা ও আধুনিক অফিস ব্যবস্থাপনা সম্পর্কে আরও সমৃদ্ধ জ্ঞান অর্জনের সুযোগ পাবেন, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।”
কর্মশালার প্রথম দিনে অফিস ব্যবস্থাপনা, নথি নামকরণ পদ্ধতি এবং সরকারি যানবাহন ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন।
কর্মশালার দ্বিতীয় দিনে ট্রেজারি ব্যবস্থাপনা, তৃতীয় দিনে বেতন নির্ধারণ পদ্ধতি, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এবং সরকারি প্রজ্ঞাপন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চতুর্থ দিনে ই-জিপি (e-GP) ও ই-ফাইলিং পদ্ধতি এবং পঞ্চম ও শেষ দিনে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯, প্রশাসনিক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় কর্মকর্তাদের ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, সরকারি বিধিবিধান এবং আধুনিক অফিস পরিচালনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এ প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।