প্রশংসনীয় অবদানের স্বীকৃতি
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচিত তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেওয়ায় বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন।
প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা তিনটি বহুল আলোচিত ঘটনার তদন্ত ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঘটনাগুলো হলো ডিএমপির পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ অভিযান এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘটিত ক্লু-লেস কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন।
পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় দ্রুত আসামি গ্রেফতার, ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং সফল তদন্তের মাধ্যমে দ্রুত বিচারিক কার্যক্রমে সহায়তা করার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন, এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ সদস্যকে পুরস্কৃত করা হয়।
অন্যদিকে, ঈদুল আজহার পর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি যাত্রীবাহী বাসে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে বাসটি খালি করে অন্তত ৫০ জন যাত্রীর জীবন রক্ষা করেন নৌ পুলিশের সদস্যরা। এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিন সদস্যকে সম্মানিত করা হয়।
এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণ, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মাত্র এক দিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং চার আসামিকে গ্রেফতার করে আদালতে জবানবন্দি নিশ্চিত করায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিন কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরা নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। পুরস্কারপ্রাপ্তদের এই অর্জন বাহিনীর অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়।