রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় মদ ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–১ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৬ মে রাত আনুমানিক ১১টার দিকে খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খানপুর মধ্যপাড়াচর এলাকায় অভিযান চালায়। এ সময় ঝাউ বনের ভেতরে সন্দেহজনক চলাচল দেখতে পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা দুটি তল্লাশি করে মালিকবিহীন ৭৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক কাটাখালী থানা–এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, ৭ মে রাত সাড়ে ১২টার দিকে ইউসুফপুর বিওপির টহল দল টাংগন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একজন ব্যক্তিকে আমবাগানের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা সন্দেহ করলে তিনি একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন ৫২ বোতল ভারতীয় Eskuf Syrup জব্দ করা হয়। উদ্ধারকৃত সিরাপ ইতোমধ্যে চারঘাট মডেল থানা–এ জমা দেওয়া হয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে পৃথক দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।