শাহজাদপুর কাছারিবাড়িতে রবীন্দ্র জয়ন্তীর বর্ণাঢ্য প্রস্তুতি
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি-এ বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার (৮ মে) থেকে দেশি-বিদেশি রবীন্দ্রভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে কাছারিবাড়ি প্রাঙ্গণ।
আয়োজন সফল করতে স্থানীয় সংস্কৃতি কর্মীরা দিনরাত মহড়ায় ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, এ বছর ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনব্যাপী মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কাছারিবাড়িকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবং সম্পন্ন করা হয়েছে রবীন্দ্র মঞ্চের নান্দনিক সাজসজ্জা।
দর্শনার্থীদের সুযোগ-সুবিধার বিষয়টি মাথায় রেখে সব প্রস্তুতি গ্রহণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো কাছারিবাড়ি এলাকা রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
কাছারিবাড়ি সূত্রে জানা গেছে, প্রতিদিনের কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা ও নাট্য প্রদর্শনী। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে গত কয়েক দিন ধরে গান, নাচ ও নাটকসহ বিভিন্ন পরিবেশনার মহড়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগত দর্শনার্থীরা একটি মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে পারবেন।