তানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান
রাজশাহীর তানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে কর্মরত দলিল লেখক ও নকল নবিশ সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান। রবিবার সকালের দিকে এমপি সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন ও কর্মরতদের সাথে নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এমপি অফিসে আসা মাত্রই সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত ও দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সহসভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম, সম্পাদক গোলাম রাব্বানী ফুলেলসহ সিনিয়র লেখকরা শুভেচ্ছা জানান। পরে সাব রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লেখকদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি ড ওবায়দুল্লাহ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা অধ্যাপক জামিলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, পৌর জামায়াত নেতা আজহার সরদার, ওয়ার্ড জামায়াত নেতা আফজাল হোসেন, মাহবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অফিসে কর্মরত নকল নবিশদের সাথে মতবিনিময় করেন এমপি। এসময় অফিস কার্যালয়ের অবকাঠামো সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথার পরিপ্রেক্ষিতে এমপি বলেন, আপনাদের সমস্যাগুলো লিখিত ভাবে দিলে আমি সে সব বিষয় গুলো তুলে ধরতে পারব এবং সেই সমস্যা গুলো আইনমন্ত্রীর মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন। সেখান থেকে এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এসময় দলিল লেখক সমিতির সদস্য ও অফিস কর্মরত নকল নবিশ সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও তানোর পৌরসভা (আমশো) স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রবিউল ইসলাম সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।