চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন তারেক রহমান ও তারেক আজিজ। এ সময় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়। হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
তারেক রহমান বলেন, হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। রাস্তায় ফেলে মারধরের সময় তারা বারবার আমার গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করছিলো।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতে চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, হামলাকারী রাব্বীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৯ টি মামলা রয়েছে। তবে সবগুলো মামলায় তিনি জামিনে রয়েছেন।