বাঘায় বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবিতে যুবক কারাগারে
বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের টিপু সর্দার (৩০) কলেজ শিক্ষক শফিকুল ইসলামের বাড়ি নির্মাণ কাজে বাধা দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের ও ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে টিপু সর্দার একটি মোটরসাইকেল যোগে শিক্ষক শফিকুলের বাড়িতে এসে মিস্ত্রীদের কাজ বন্ধ রাখতে বলেন। এরপর বিএনপির এক সিনিয়র নেতার নাম ভাঙিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর শুরু করেন। এসময় স্থানীয়রা তাকে আটকান এবং বাঘা থানার উপ-পরিদর্শক হারুন ইসলাম ঘটনাস্থলে এসে টিপু সর্দারকে থানায় নিয়ে আসেন।
স্থানীয় সূত্র জানায়, টিপু সর্দার পূর্বে আ’লীগ ও বিএনপির নেতাদের ছত্রছায়ায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং এলাকায় দাপুটে হিসেবে পরিচিত। তবে বাঘা থানার ওসি সেরাজুল হক জানিয়েছেন, এলাকার লোকজনের কাছে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত নন।
এ ঘটনার মাধ্যমে এলাকায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে চাঁদা দাবি এবং ভয়ের পরিবেশ তৈরি করার প্রবণতা আবারও উঠে এসেছে।