সরদহ ষ্টেশনে বগি বিচ্ছিন্ন, চলন্ত অবস্থায় এগিয়ে গেল ট্রেনের ইঞ্জিন
রাজশাহী সরদহ রেল ষ্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলাচলের সময় ঘটে গেছে একটি অস্বাভাবিক ও উদ্বেগজনক ঘটনা। চলন্ত অবস্থায় ট্রেনের সকল বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় তবে ট্রেনের ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭ টা ৫৫ মিনিটে ঘটনাটি ঘটে চারঘাট উপজেলার সরদহ রোড ষ্টেশন সংলগ্ন বালুদিয়াড় এলাকায়। এরপর প্রায় রাজশাহীর সাথে ঢাকাসহ সারা দেশের রেলচলাচল বন্ধ হয়ে যায়।
সরদহ রোড ষ্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন শুক্রবার সকাল ৭ টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ ষ্টেশন ছেড়ে যায়। প্রায় ৭ টা ৫৫ মিনিটে বালুদিয়াড়ে এলাকায় পৌঁছালে এ সময় ট্রেনের বগির কাপলিংক ভেঙে গিয়ে চলন্ত অবস্থায় ট্রেন দুই ভাগে আলাদা হয়ে যায়। পেছনের ১১ টি বগি রেখে শুধু ইঞ্জিন সামনে চলে যায়। পেছনের বগিগুলো ছাড়াই ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দুরে চলে যায় । পরে ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে পেছনে ফেলে আসা বগির কাছে ফিরে যান।
এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই হুড়োহুড়ি করে লাফিয়ে নেমে পড়েন। সরদহ রেলষ্টেশন মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮ টা ১৫ মিনিটের সময় ২৫ মিনিট দেরীতে পুনরায় ১১ টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়।