বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › বিনোদন › মিস ইউনিভার্স থেকে বিদায় নিয়ে মাহির আবেগঘন বার্তা

মিস ইউনিভার্স থেকে বিদায় নিয়ে মাহির আবেগঘন বার্তা

favicon
বিনোদন ডেস্ক :
মিস ইউনিভার্স থেকে বিদায় নিয়ে মাহির আবেগঘন বার্তা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিকে ঘিরে দেশবাসীর বিপুল প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালের সেরা ৩০-এ জায়গা করে নিতে পারলেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি মানুষের ভালোবাসার পাশাপাশি প্রায় ৮ কোটি ভোটের বিপুল সমর্থন নিয়েও প্রথম বাছাইপর্ব বা সেমিফাইনালের প্রথম ধাপ থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হয় এই জমকালো বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। দর্শক ভোটে (পিপলস চয়েস) একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ ওঠার সুযোগ থাকায় গ্র্যান্ড ফিনালের মাত্র এক ঘণ্টা আগেও ভোটের হিসাবে শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ মুহূর্তের ব্যবধানে ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে চলে যান। ফলে কাঙ্ক্ষিত সেই অবস্থানটি ধরে রাখতে না পেরে এবং সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের সম্মিলিত মূল্যায়নে পিছিয়ে পড়ে সেরা ৩০ জনের তালিকা থেকে ছিটকে যান বাংলাদেশের এই প্রতিনিধি।

বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে না পারার আক্ষেপ প্রকাশ করে একটি আবেগঘন দীর্ঘ বার্তা দেন মাহি। তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। আমার জন্য এত ভালোবাসা, ভোট ও সময় দিয়েছেন—আমি সত্যিই আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। বিশ্বাস করুন, বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। দেশ ও মানুষের প্রতিনিধিত্ব করতে নিজের চেষ্টা বা পরিশ্রমে একটুও কমতি রাখিনি।’

আক্ষেপ প্রকাশ করে এই সুন্দরী আরও বলেন, ‘তবুও আজ বলতে চাই, আপনাদের সেই বিশ্বাসের প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জীবনের সব চেষ্টা সবসময় কাঙ্ক্ষিত ফল বয়ে আনে না, তবে তার মানে এই নয় যে সেই চেষ্টার কোনো মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, অনুভূতি সারাজীবন মনে রাখার মতো। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমার কাছে যেকোনো মুকুট বা অর্জনের চেয়ে অনেক বড়।’

এর আগে, মাহি জাতীয় পোশাক প্রদর্শনী পর্বে বাংলাদেশের ঐতিহ্যবাহী লাল-সাদা কুমিল্লার খাদি শাড়িতে মঞ্চে হাজির হয়ে সবার নজর কাড়েন। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ ভাবনায় তৈরি শাড়ি ও মা-মাটি-মাতৃভূমির সম্পর্ককে শৈল্পিকভাবে ফুটিয়ে তুলে তিনি আন্তর্জাতিক দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট মাথায় তুলেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ রানারআপ নির্বাচিত হন।

বাংলাদেশ ২০১৯ সাল থেকে এই বিশ্বমঞ্চে নিয়মিত অংশগ্রহণ করছে। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহিকে নিয়েও বড় স্বপ্ন দেখেছিল দেশের মানুষ। কিন্তু ৮ কোটিরও বেশি ভোটের পাহাড়সম সমর্থন থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রথম বাছাইপর্বেই শেষ হলো মাহির এবারের বিশ্বসুন্দরী হওয়ার যাত্রা।